চট্টগ্রামে ডক্টরস হোমকে জরিমানা, পাহাড় আগের উচ্চতায় ফেরাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড় কেটে ভবন তৈরির দায়ে পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলবার ডক্টরস হোম প্রজেক্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে পাহাড়ের মাটি ভরাট করে আগের উচ্চতায় ফিরিয়ে আনার সময় বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গত সোমবার পরিবেশ অধিদপ্তর নগরের খুলশী এলাকায় ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার সময় মাটিভর্তি দুটি ট্রাক ও পাহাড় কাটার নানা সরঞ্জাম জব্দ করে।অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগ-সমর্থক ১৪ চিকিৎসক নগরের পশ্চিম খুলশী এলাকায় নিজেরা থাকার জন্য ডক্টরস হোম প্রজেক্ট নামের আবাসিক ভবন নির্মাণের জন্য পাহাড় কাটছিলেন। চিকিৎসকদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীও রয়েছেন। সেলিম সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়েজামাই।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এ প্রকল্পের কর্মকর্তারা সবাই সরকারি-বেসরকারি চিকিৎসক। এঁদের মধ্যে সেলিম আকতারও রয়েছেন। তাঁদের ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড়ের মাটি ভরাট করে আগের উচ্চতায় ফিরিয়ে আনার সময় বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে সেলিম আকতার প্রথম আলোকে বলেন, ‘কিছু চিকিৎসক নিজেদের জন্য এখানে ভবন নির্মাণ করছিলেন। আমি আগেই তাঁদের পাহাড়ের জায়গা থেকে সরে যেতে বলে ছিলাম। আমি ওই প্রকল্পে এখন নেই। অভিযানের বিষয়ে আমি কিছু জানি না।’জানা গেছে, ডক্টরস হোম প্রজেক্টের কর্মকর্তাদের গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ প্রকল্পের জন্য প্রায় ২২ হাজার ঘনফুট পাহাড়ের মাটি কেটে গর্ত তৈরি করে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ প্রকল্পের জন্য সিডিএ অনুমোদন দিলেও পাহাড় কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। প্রস্তাবিত ভবনের অনুমোদন বাতিলের জন্য সিডিএকে বলা হয়েছে।