এক তত্ত্বাবধায়কের সাহসিকতার কারণে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় একটি ভবনে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় এলাকাবাসী জড়ো হলে ডাকাতেরা পাঁচটি গুলিভর্তি একটি ম্যাগাজিন ফেলে পালিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত দুইটার দিকে আট-দশজনের ডাকাত দল লালখান বাজারের টাংকি পাহাড়ের অদূরে সিদ্দিক ম্যানশন নামের একটি ভবনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় পাশের ভবনের আলমগীর নামের এক তত্ত্বাবধায়ক ঘর থেকে বের হন। তিন ডাকাত আলমগীরকে দেখে তাঁর দিকে ছুটে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আলমগীরকে ঘরের ভেতরে চলে যেতে বলে। আলমগীরের সন্দেহ হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তিও হয়। এতে ডাকাতেরা ফাঁকা গুলি করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তির সময় আলমগীর চিৎকার করছিলেন। এতে এলাকার লোকজন সেখানে এসে জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা পাঁচটি গুলিভর্তি ম্যাগাজিন ফেলে পালিয়ে যায়। পালানোর সময় ডাকাতেরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।