চট্টগ্রামে ডাকাতির দায়ে ছয়জনের ১০ বছর করে কারাদণ্ড
চট্টগ্রামে ডাকাতির দায়ে ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বিকাশ কুমার সাহা গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—শাহ আলম, কামরুল ইসলাম, জামালউদ্দিন, আকতার কামাল, ফরিদ আহম্মদ ও ছৈয়দ নুর। গতকাল রায় ঘোষণার সময় প্রথম তিনজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক।আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বাঁশখালীর আবদুল করিমের বাড়ি থেকে সশস্ত্র ডাকাতেরা প্রায় সোয়া দুই লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ ঘটনায় পরদিন ২৯ সেপ্টেম্বর বাঁশখালী থানায় করিম বাদী হয়ে একটি মামলা করেন। আদালত সূত্র জানায়, বিচারক ১০ জনের সাক্ষ্যের ভিত্তিতে ডাকাতদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।