চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারে বাসাবাড়ি খালি রেখে নগরের কিছু বাসিন্দা গ্রামের বাড়িতে যান। থাকে শুধু দারোয়ান। এই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল ডাকাত দল। কিন্তু প্রস্তুতিকালেই পুলিশের হাতে ধরা পড়ে পাঁচ সশস্ত্র ডাকাত। বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতেরা এই পরিকল্পনার কথা জানান। গ্রেপ্তার ডাকাতেরা হলেন—হারেশ হোসেন, আবু বকর, আরিফ, আজম ও কাশেম। এ সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, দুটি ধারালো চাকু, একটি রেঞ্জ, তিনটি স্ক্রু ড্রাইভার এবং তাঁদের ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। নগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে খবর পাই একদল সশস্ত্র ডাকাত আন্দরকিল্লা মোড়ে অবস্থান নিয়েছে। রাত পৌনে দুইটার দিকে অস্ত্রশস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করি।’