চট্টগ্রামে ডায়াবেটিক মেলা শুরু

‘ওজন নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন’ শীর্ষক স্লোগানে চট্টগ্রামে শুরু হয়েছে ডায়াবেটিক মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরের খুলশী এলাকায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে তিন দিনের এ মেলা শুরু হয়েছে।
বিকাশ ধর নামের এক ডায়াবেটিক রোগী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান, সমিতির সদস্য জয়শান্ত বড়ুয়া, সৈয়দ মোর্শেদ হোসেন, জাবেদ আকতার চৌধুরী, মো. সানাউল্লাহ, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিক হাসপাতাল তিল তিল করে বড় হয়েছে। এখানে দেড় লাখ নর-নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে এই হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের চেষ্টা করা হবে। তাঁরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে। যে কারও এই রোগ হতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ সম্পর্কে সচেতন হলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মেলায় ওষুধ, ডায়াবেটিস মাপার যন্ত্র, বই, খাবারসহ বিভিন্ন সামগ্রীর প্রায় ৩৫টি দোকান বসেছে। বিভিন্ন দোকানে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মেলায় আসা ফিরোজ আহমেদ চৌধুরী নামের এক রোগী বলেন, ‘মেলায় এসেছি রোগটি সম্পর্কে আরও জানতে। এ ছাড়া ডায়াবেটিক রোগীদের উপযোগী বিভিন্ন খাবার এবং ওষুধও এখানে রয়েছে।’