চট্টগ্রামে ডি স্প্রাখের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিনজ বলেছেন, প্রতিবছরই জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। উচ্চশিক্ষার জন্য কোনো টিউশন ফি না নেওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ডি স্প্রাখে উচ্চশিক্ষায় জার্মানি যেতে আগ্রহী ব্যক্তি ও জার্মানিদের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে ডি স্প্রাখে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন থমাস প্রিনজ। ডি স্প্রাখের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানি যেতে আগ্রহীদের জার্মান ভাষা সম্পর্কে ধারণা দিতে ২০০৭ সালে চট্টগ্রামে ডি স্প্রাখের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী কমিশনার সোমনাথ হালদার, জার্মানির অনারারি কনসাল মির্জা শাকির ইস্পাহানি, ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী প্রমুখ।