চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে প্রথম বিভাগীয় ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’।বিকেলে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার প্রয়োজনে তথ্যপ্রযুক্তি জ্ঞানের কোনো বিকল্প নেই। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে এ বিষয়ে সম্যক ধারণা দিতে হবে। তারাই আমাদের সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সরকার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে এই প্রযুক্তিকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্প এ মেলার আয়োজন করেছে। এর উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরা।বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এ বি এম আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের নীতিনির্ধারক বিশেষজ্ঞ আসিফ সালেহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাসেম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আর ইউ আহমেদ।এই মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। এতে প্রযুক্তিবিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। মেলায় সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিকমানের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি স্টল রয়েছে।আজ সকাল ১০টায় ডিজিটাল বাংলাদেশবিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান।