চট্টগ্রামে ডিপ্লোমা শিক্ষার্থী ও পেশাজীবীদের সড়ক অবরোধ
ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসন ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ দুই দফা দাবি বাস্তবায়ন চেয়ে চট্টগ্রাম নগরের হালিশহর বড় পোল এলাকায় ডিপ্লোমা শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীরা সড়ক অবরোধ করেছিল। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে তাঁরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
এ সময়ে ত্রিমুখী সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সড়কের একটি অংশ বন্দর, অপরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং অন্যটি আগ্রাবাদ অ্যাকসেস সড়কের সঙ্গে যুক্ত। পরে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টায় নগরের বড়পোল এলাকায় মিছিল নিয়ে আসেন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীরা। এরপর এখানে জড়ো হতে থাকেন ডেফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাঁরা ‘দেশ গড়ার কারিগর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘পেশাজীবী জনতা গড়ে তোলো একতা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁরা বড়পোল এলাকার ত্রিমুখী সড়কের ওপর অবস্থান নেন। এ সময়ে ওই সব সড়কে তীব্র যানজট বাধে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দু-একটি যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সরে যান।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক মো. জালাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়পোল এলাকায় সড়ক অবরোধ করেছি। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’
একই কর্মসূচিতে নগরের ষোলশহর ২ নম্বর এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিপ্লোমা শিক্ষক-শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।
চট্টগ্রামের দুটি স্থানে সড়ক অবরোধ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এগুলো হচ্ছে নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ, ডেফোডিল পলিটেকনিক, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল পলিটেকনিক প্রভৃতি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, ‘বন্দরগামী এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানিয়েছি। পরে আমাদের অনুরোধে কর্মসূচি সংক্ষিপ্ত করে তাঁরা সড়ক অবরোধমুক্ত করেন। এতে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ সময়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।’
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের দুই দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসন ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকার গঠিত দুটি আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন। একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ডিগ্রি প্রকৌশলীদের ডেস্ক ও ডিপ্লোমা প্রকৌশলীদের ফিল্ডের দায়িত্ব দেওয়া এবং প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধ করে জেনারেলিস্টদের নিয়োগ দেওয়া।