চট্টগ্রামে ডিভিএম ইন্টার্ন গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
প্রথম জাতীয় ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইন্টার্ন গবেষণা সম্মেলন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বলেন, ভেটেরিনারি পেশাকে অধিকতর কার্যকর করার জন্য এই ধরনের গবেষণা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভেটেরিনারি মেডিসিনের সহযোগী ডিন মো. শওকত আনোয়ার বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টির যে সংকট চলছে, তা মোকাবিলায় ভেটেরিনারি পেশাজীবীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি মেডিসিন প্রয়োগে আরও বেশি কৌশলী হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন মো. আহসানুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুইস ওয়েটমুর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন প্রমুখ।
গবেষণা সম্মেলনে অধ্যাপক শওকত আনোয়ার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া দিনব্যাপী এই গবেষণা সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ ২১ শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।