চট্টগ্রামে ডুবে যাওয়া জাহাজের চালকের লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘এমভি চট্টগ্রাম’-এর চালক আবদুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্দ্বীপ চ্যানেলের পাশে কুমিরাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়া জাহাজের মালিক চিটাগাং ট্রেড এজেন্সির ব্যবস্থাপক খলিলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকায় জাহাজটি উদ্ধারে সমস্যা হচ্ছে। দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। গত বৃহস্পতিবার রাতে বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে সারবোঝাই করে কর্ণফুলী নদীতে ফেরার পথে জাহাজটি ডুবে যায়। গত শুক্রবার পর্যন্ত জাহাজের ১৩ নাবিকের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়।৩ নম্বর সতর্কসংকেত অব্যাহত: মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামের বেশির ভাগ এলাকায় তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া দপ্তর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টির কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।