চট্টগ্রামে ড্যান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি হোটেলে চট্টগ্রাম চেম্বার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন রাষ্টদূত ড্যান মজীনা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি হোটেলে চট্টগ্রাম চেম্বার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন রাষ্টদূত ড্যান মজীনা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

বন্দরের দক্ষতা ও ক্ষমতা বহুগুণে বাড়ানো এবং গ্যাস, বিদ্যুৎসহ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এ দেশ শিগগিরই এশিয়ার অর্থনৈতিক বাঘ হিসেবে আত্মপ্রকাশ করবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার চট্টগ্রামের একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। এশিয়ার বাঘ হিসেবে আত্মপ্রকাশের জন্য বেশ কিছু বিষয়ের ওপর জোর দেন তিনি।
চট্টগ্রাম চেম্বার এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) যৌথভাবে নগরের একটি হোটেলে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ‘বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন: অগ্রগতি, প্রয়োজন এবং পরবর্তী পদক্ষেপ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা অংশ নেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল ও সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম নামেমাত্র বাণিজ্যিক রাজধানী।
এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাসেম খান বলেন, চট্টগ্রামকে দ্বিতীয় শহর হিসেবে গড়ে তুলতে পারিনি, এটা আমাদের জন্য লজ্জার।
অনুষ্ঠানে অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ বক্তব্য দেন। গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবু মনসুর ও আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ব্যবসায়ী নেতা তাহের সোবহান প্রমুখ।