চট্টগ্রামে ড্যাব চিকিৎসক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা নাজেহাল করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম সম্পাদক ইছা চৌধুরীকে। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ওই চিকিৎসককে ছাত্রলীগ তাঁর কক্ষ থেকে জোরপূর্বক বের করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, দন্ত চিকিৎসক ইছা চৌধুরীকে তাঁর কক্ষ থেকে উঠিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা নাজেহাল করতে করতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মুজিবুল হক খানের কক্ষে নিয়ে যান। পরে সেখানে তাঁকে বসিয়ে রাখা হয়। এরপর বিএমএর নেতারা ইছাকে ক্যাম্পাসের বাইরে যেতে সাহায্য করেন। আধঘণ্টা পর তিনি সেখান থেকে চলে যান। ড্যাবের নেতা খুরশিদ জামিল চৌধুরী অভিযোগে বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা ইছা চৌধুরীকে ধরে নিয়ে মুজিবুল হকের কক্ষে আটকে রাখে। পরে বিএমএর নেতাদের মাধ্যমে তিনি বের হয়ে আসেন।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মুজিবুল হক খান বলেন, ‘কী কারণে তাঁকে নিয়ে এসেছে, জানি না। তবে কিছুদিন আগে ছাত্র সংসদের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনা থেকে এটা ঘটতে পারে। তবে আমরা তাঁকে নিরাপদে চলে যেতে সাহায্য করেছি।’