চট্টগ্রামে ঢিলেঢালা আরেকটি হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সমমনা ১২ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম নগরজুড়ে কমবেশি যানবাহন চলাচল করেছে। দোকানপাটও খোলা ছিল। কেবল দূরপাল্লার কোনো গাড়ি চলেনি।হরতালের সমর্থকেরা চট্টগ্রাম নগরের বাদুরতলা ও সিরাজদ্দৌলা সড়কে দুটি টেম্পোতে আগুন লাগিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজন পিকেটারদের ধাওয়া করে তাড়িয়ে দেন এবং দুই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকালে নগরের ওয়াসা মোড়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করায় চারজনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচলে বাধা দেওয়ার চেষ্টাকালে ওয়াসা মোড় থেকে চারজনকে আটক করা হয়েছে। একই সময় নগরের লালদীঘির মোড়ে হরতাল-সমর্থক ১০-১৫ জন যুবক একটি মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা পালিয়ে যান। চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে, হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী মোড়ে অবস্থান নেন। বেলা দেড়টার দিকে তাঁরা সরে যান।