চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
চট্টগ্রামে ১৮ দলের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে নগরে সব ধরনের যানবাহন চলাচল করেছে। দুপুরের পর নগরের প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ ও শেখ মুজিব সড়কের কয়েকটি স্থানে যানজটও দেখা দেয়। বিকেলের দিকে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে। নগরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা পুলিশ সদস্যদের অলসভাবে বসে থাকতে দেখা যায়। হরতালের দ্বিতীয় দিনে গতকালও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথারীতি নাসিমন ভবনের কার্যালয় ও আশপাশের এলাকায় মিছিল করতে দেখা যায়। ফলে ওই এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত রিকশা ছাড়া অন্য যানবাহন চলেনি। নগরজুড়ে প্রচুর যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের মধ্যে যাত্রীবাহী মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। কর্ণফুলী সেতু, পটিয়া ও সাতকানিয়ার কেরানীহাট থেকে এসব মাইক্রোবাস চলাচল করেছে। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে একটি মিছিল কাজির দেউড়ীর মোড়, লাভলেইন, এনায়েতবাজার এলাকা প্রদক্ষিণ করে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। এরপর চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল মেহেদীবাগ থেকে নিউমার্কেট ও রেলস্টেশন এলাকা ঘুরে নাসিমন ভবনের সামনে এসে সমাবেশ করে।