চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকালের হরতাল কর্মসূচিতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা এবং টেম্পো চলাচল করেছে। কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকালের হরতালে চট্টগ্রাম নগর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ ছিল। সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে গণপরিবহনের সংখ্যাও বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা হয়েছে। গতকাল হরতালের পুরো দিনে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান ছিল বিএনপির কার্যালয় নাসিমন ভবনকেন্দ্রিক। সকাল থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখানে খণ্ড খণ্ড মিছিল আর সমাবেশ চলে সারা দিন। গতকাল বিএনপি কার্যালয়ের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে সমাবেশে দীর্ঘক্ষণ ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন। এ সময় তাঁরা বলেন, শিবির সুশৃঙ্খল সংগঠন। তবে পুলিশ বাড়াবাড়ি করলে তারা বিশৃঙ্খল হবে।