চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি গতকাল বুধবার চট্টগ্রাম নগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শিবির কর্মী সন্দেহে নগরের টেরিবাজার এলাকা থেকে দুজনকে পুলিশ আটকের পর যাচাইবাছাই করে ছেড়ে দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শাখার শিবিরের সেক্রেটারি মামুন হোসেন হত্যার প্রতিবাদে সংগঠনটি বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে। গত রোববার রাতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মামুন নিহত হন।
হরতালের সমর্থনে গতকাল দুপুরের দিকে নগরের কেসি দে সড়ক এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ পাশের টেরিবাজার এলাকা থেকে শিবির সন্দেহে দুজনকে আটক করে। এ ছাড়া গতকাল বিকেলে নগরের চন্দনপুরা এলাকায় একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেন শিবিরের সমর্থকেরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তাঁরা পালিয়ে যান। এ ছাড়া নগরের আর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, টেরিবাজারে আটক দুজন পথচারী ছিলেন। তাঁদের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিকেলের দিকে শিবিরের নগর কমিটির কার্যালয়ের সামনে একটি টেম্পোতে আগুন দেওয়া হয়।
নিরুত্তাপ হরতাল কর্মসূচির মধ্যে গতকাল সকাল থেকে নগরে গণপরিবহন চলাচল শুরু হয়। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয়নি। মহাসড়কগুলোতে দূরপাল্লার বাস চলাচল না করলেও লোকাল গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলেছে।
সীতাকুণ্ডে দুটি গাড়ি ভাঙচুর: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি রবিউল হোসাইনের নেতৃত্বে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি সোনাগাঁ ফিলিং স্টেশনের সামনে থেকে মাদামবিবিরহাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সমাবেশের সময় পুলিশ শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।
পুলিশ জানায়, শিবিরের মিছিল থেকে দুটি গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া বড় ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। পণ্যবাহী যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচল করেছে। স্কুল-কলেজ ও ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে কাজকর্ম চলেছে স্বাভাবিক নিয়মে।
শিবিরের নেতা রবিউল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাইকে হত্যার প্রতিবাদে আমরা শান্তিপুর্ণ মিছিল করে সংক্ষিপ্ত সভা করছিলাম। হঠাৎ পুলিশ এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনও করতে দিচ্ছে না।’
নোয়াখালীতে আটক ৩: নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের মধ্য দিয়ে গতকাল বুধবার ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে শিবিরের কর্মীরা জেলা শহরে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করেন। সকাল আটটার দিকে শহরের দত্তেরহাটে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছুড়ে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে শিবিরের তিন কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া একই সময়ে হরতাল-সমর্থকেরা মাইজদী বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করেন। এ ছাড়া সেনবাগের ছমির মুন্সীরহাট, সেবারহাট বাজারে হরতাল-সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, ‘সড়কের ব্যারিকেড সরাতে গিয়ে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে এবং ধাওয়া করে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।’