চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
চট্টগ্রামে গতকাল রোববার আরেকটি নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা এই কর্মসূচিতে গতকাল পিকেটারদের তৎপরতা দেখা যায়নি। তাই বিরোধী দলের কেউ গ্রেপ্তারও হয়নি। বৃষ্টির কারণে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের তৎপরতা ছিল সীমিত।হরতালের সমর্থনে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে দলীয় নেতারা মিছিল-সমাবেশ করেছেন। সমাবেশে তাঁরা বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াছ আলীর মুক্তি দাবি করেন। এ সময় তাঁরা সরকারেরও কঠোর সমালোচনা করেন। একইভাবে দক্ষিণ জেলা বিএনপি কর্ণফুলী তৃতীয় সেতুর পাশে হরতালের সমর্থনে আরেকটি সমাবেশ করেছে। সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলেও পুলিশ তাদের থামিয়ে দেয়।এদিকে হরতালের বিরুদ্ধে নগরের নিউমার্কেট চত্বরে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী একাধিক সংগঠন। সেখানে হরতাল প্রত্যাহার করে জনগণের কাতারে বিএনপির নেতাদের দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।গতকাল সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সকাল ১০টার দিকে বৃষ্টি থামলে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে জড়ো হন। বৃষ্টির মধ্যে সেখানেই তাঁদের মিছিল-সমাবেশ সীমাবদ্ধ ছিল।হরতালে সড়কে পিকেটার না থাকায় গতকাল সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেছে। নিউমার্কেট, কোতোয়ালি মোড়, বহদ্দারহাট, মুরাদপুর ও জিইসি মোড় এলাকায় যানজট দেখা গেছে। এমনকি জামায়াত অধ্যুষিত চকবাজার এলাকায়ও গতকাল টেম্পো ও অটোরিকশা চলেছে স্বাভাবিক নিয়মে। তবে ব্যক্তিগত কোনো গাড়ি (প্রাইভেট কার) চলাচল করেনি।গতকাল হরতালের মধ্যে নগরের টাইগারপাস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাইডার উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হরতালের কারণে দূরপাল্লার কোনো বাস ও ট্রাক চলাচল করেনি। ট্রেনগুলো সূচি অনুযায়ী চলেছে। নগরের বড় বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলেনি। বন্দরে মালামাল খালাস হলেও পরিবহন হয়নি।