চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ। নগরের বিভিন্ন মোড়ে ছিল পুলিশের সতর্ক অবস্থান। দূরপাল্লার কোনো যানবাহন চট্টগ্রাম ছেড়ে না গেলেও নগরে যান চলাচল ছিল স্বাভাবিক।
তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ি কম বের হতে দেখা গেছে। নগরের নুর আহমদ সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ও ফাঁকা ছিল। সেখানে ছিল কড়া পুলিশি পাহারা। এদিকে গতকাল বিকেলে নগরের পুরোনো চান্দগাঁও থানার সামনে হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করেন।
অপরদিকে রাত আটটায় বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় অবরোধকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে স্থানীয় লোকজন জানান। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, হরতাল-অবরোধে নগরে নিয়মিত ফোর্সের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নগরের ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, প্রবর্ত্তক মোড়, কাজীর দেউড়ী, লালদীঘিসহ কয়েকটি স্থানে চলাচল করেছে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, রাইডারসহ বিভিন্ন যানবাহন।