চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে ১৮-দলীয় জোটের হরতাল পালিত হয়েছে। গতকাল বুধবার দিনভর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেমে থেমে মিছিল ও সমাবেশের মধ্যে কর্মসূচি সীমিত রাখে বিএনপি। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে নগরের চান্দগাঁও থানার মৌলভি পুকুর এলাকায় হরতালের সমর্থনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলকারীরা একপর্যায়ে একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা আরও কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় মিছিলকারীরা। এদিকে গতকাল হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করতে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে জড়ো হন। গতকালের সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বক্তব্য দেন। পুলিশ দুই দিক থেকে নেতা-কর্মীদের ঘেরাও করে রাখে। সেখানে থেমে থেমে চলে মিছিল আর স্লোগান।এদিকে গতকাল চট্টগ্রাম নগর থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। নগরে যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পর নগর জীবন স্বাভাবিক হয়ে আসে।