চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল ২৪ পিকেটার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিলের প্রতিবাদে সংগঠনের ডাকা আধাবেলার হরতাল গতকাল বুধবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২৪ কর্মী-সমর্থককে আটক করেছে। দুই পিকেটারের কাছ থেকে পেট্রলবোমা ও সাংকেতিক ভাষায় লেখা দুটি বাজারের ফর্দ উদ্ধার করা হয়েছে। এদিকে, ছাত্রশিবির-অধ্যুষিত হিসেবে পরিচিত চট্টগ্রাম সরকারি কলেজের তিনটি আবাসিক হলে গতকাল বিকেলে চার শতাধিক পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশ বলেছে, হরতালের সময় নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তারা চান্দগাঁও থানা এলাকা থেকে ১৩, পাঁচলাইশ থানা এলাকা থেকে আট, কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ও বাকলিয়া এলাকা থেকে একজনকে আটক করে। নগরের দু-একটি এলাকা ছাড়া প্রায় সব এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। নগরের বৌদ্ধমন্দির সড়কে সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শরীফুল হাসান প্রথম আলোকে জানান, নগরের মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিকের বিক্রয়কেন্দ্রের সামনের সড়কে একটি গাড়িতে পিকেটাররা পেট্রলবোমা ছুড়ে মারে। সেখান থেকে প্রথমে একজনকে এবং পরে আরও চারজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মনিরুজ্জামান অভিযান শেষে সাংবাদিকদের জানান, বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাস এবং চট্টেশ্বরী রোডে অবস্থিত সবুর ছাত্রাবাসে অভিযান চালানো হয়। ছাত্রশিবিরের কর্মীরা অবস্থান করছে এবং অস্ত্রশস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।