চট্টগ্রামে ঢিলেঢালা হরতালে জামায়াত-শিবির মাঠে ছিল না
চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের হরতালে নগরে সকালের দিকে রিকশার দখলে ছিল রাস্তা। দুপুরের পর যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে অন্য দিনের হরতালের চেয়ে কিছুটা কড়া ছিল গতকাল। নগরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।হরতালের সমর্থনে গতকাল সকালে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে জড়ো হন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা মাইক লাগিয়ে সরকারবিরোধী বক্তব্য দেন। নেতাদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহসভাপতি শামসুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা এম নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। রাস্তার একপাশে অবস্থান নিয়ে এই সমাবেশ চললেও অন্যদিকের রাস্তায় রিকশা চলাচল করেছে। গতকাল বিকেল পর্যন্ত টানা এই সমাবেশ চললেও কোনো উত্তেজনা ছিল না।গতকাল হরতাল প্রতিরোধে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। ৭ মার্চের কারণে তাঁরা দলীয় কর্মসূচি ঘরোয়াভাবে পালন করেছেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই কর্মসূচি ঘোষণা করলেও গতকাল জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী পিকেটিং করতে নামেননি। তবে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখার কারণে জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মীর ওপর নজরদারি চলছে। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হবে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গতকালের হরতালে নগরের কাজীর দেউড়ি, লালখান বাজার, দেওয়ানহাট, এ কে খান গেইট, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলতে দেখা গেছে। পিকেটার ছিল না বলে গতকাল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল। দূরপাল্লার গাড়ির চাকা ঘোরেনি। বড় বিপণিবিতান বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানেও ক্লাস-পরীক্ষা হয়নি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল। তবে সন্ধ্যার আগে পরিবহন হয়নি। সরকারি দপ্তরগুলোতে ঢিলেঢালাভাবে কাজ হয়েছে।