চট্টগ্রামে ঢিলেঢালাভাবে অবরোধ কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১৮-দলীয় জোটের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরের প্রবেশপথ অলংকার মোড়ে জোটের সমর্থকেরা জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাঁরা দ্রুত সটকে পড়েন। অবরোধের সমর্থনে গতকাল সকালে নগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি।
নগরের বড়পুল ও আতুরারডিপোসহ কয়েকটি এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান। অলংকার মোড়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন ১৮-দলীয় জোটের কর্মীরা।
গতকালের অবরোধে নগরে বিপুল গাড়ি চলাচল করেছে। আগের দুই দফার অবরোধ কর্মসূচির চেয়ে গতকালের কর্মসূচি কিছুটা ঢিলেঢালা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. ইলতুৎমিশ প্রথম আলোকে বলেন, ‘যানজটের কারণে কুমিল্লা ও ফেনীতে অনেক গাড়ি আটকা পড়ে। সকালের দিকে গাড়িগুলো চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাইয়ে একটি দুর্ঘটনার কারণে আমরা গাড়ি চলাচল সাময়িক বন্ধ করে দিই। দুপুরের পরই আবার গাড়ি চলাচল শুরু হয়। পণ্যবাহী বিপুল গাড়ি নগরে প্রবেশ করেছে।’
সমাবেশ: এদিকে অবরোধের সমর্থনে গতকাল সকালে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেছে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমাবেশে বক্তৃতা করেন।
নোমান সমাবেশে বলেন, সরকার তফসিল স্থগিত করে কারাবন্দী বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দিলেই সংকট নিরসনে দুই দলের সংলাপের একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এর আগে কোনো সমঝোতার সম্ভাবনা নেই। তাই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন চলবে। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এতে জনগণ জয়ী হবে এবং ক্ষমতাসীন অবৈধ সরকার পরাজিত হবে।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সহসভাপতি এম এ হালিম প্রমুখ।