চট্টগ্রামে ঢিলেঢালাভাবে অবরোধ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বুধবার ঢিলেঢালাভাবে পার হয়েছে ১৮-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন। তবে নগরের সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
গতকাল সকাল থেকে নগরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। নগরে দিনের বেলায় কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি।
তবে গতকাল সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ি এলাকায় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সময় টেলিভিশনের চট্টগ্রাম কার্যালয়ের গাড়িচালক আবদুল হাকিম আহত হন। এ সময় পুলিশ দুজনকে আটক করে।
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন গতকাল বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর ছিল নেতা-কর্মীশূন্য। রাস্তায় দেখা যায়নি কোনো পিকেটারকে।
অবরোধকারীদের হামলাসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে নগরের বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সেনাবাহিনী ও র‌্যাবের টহল দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে। তবে কোনোটি সূচি মেনে ছাড়তে পারেনি। বেশির ভাগ ট্রেন দেরিতে ছেড়ে গেছে।
এদিকে নগরের প্রবেশপথ সিটি গেট, অক্সিজেন মোড় ও শাহ আমানত সেতু উন্মুক্ত ছিল। সেখানে কোনো পিকেটারদের তৎপরতা দেখা যায়নি। ফলে স্বল্প দূরত্বের গাড়ি স্বাভাবিক নিয়মে চলেছে।
অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, অলংকার মোড়, সিটি গেটসহ বিভিন্ন এলাকায় পিকেটাররা মাঠে নামতে পারেনি। পুলিশ সতর্ক ছিল বলে কোনো অঘটন ঘটেনি।