চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ
চট্টগ্রামে ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার ঢিলেঢালাভাবে পার হয়েছে। গতকাল সকালে নগরের ওয়াসা মোড়ের অদূরে যাত্রীবেশে সিএনজিচালিত একটি অটোরিকশায় চার যুবক উঠেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর বাইরে নগরের আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবরোধ কর্মসূচিতে নগরের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। ঘোষণা দিয়ে দূরপাল্লার গাড়ি চালানোর কথা বলা হলেও চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। তবে নগরে গণপরিবহন চলেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হয়েছে। খোলা ছিল বিপণিবিতানগুলো।
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘যাত্রীবেশে চার যুবক একটি অটোরিকশায় ওঠে। দামপাড়া পুলিশ লাইনের উল্টো দিকে গাড়িটি থামিয়ে যুবকেরা আগুন লাগিয়ে দেয়। আমরা যুবকদের পরিচয় জানতে এবং গ্রেপ্তার করতে চেষ্টা করছি।’
বিএনপির সভা: অবরোধের সমর্থনে সকালে নাসিমন ভবনের সামনে বিএনপি মিছিল ও সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও পরাজিত হবে গণতন্ত্র। এই জয় হবে খুবই ক্ষণস্থায়ী। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো বর্তমানে দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন চলছে। এই আন্দোলনে গণতন্ত্র ও জনগণ জয়ী হবে আর আওয়ামী লীগ পরাজিত হবে।
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, জাসাস নেতা কাজী আকবর প্রমুখ।