চট্টগ্রামে তরুণ হত্যার অভিযোগে মামা গ্রেপ্তার
ভাগনে হত্যার অভিযোগে মো. শাহেনশাহ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।শাহনেশাহ এর বিরুদ্ধে তাঁর ছোট বোনের মানসিক ভারসাম্যহীন ছেলে মো. সুমনকে (২০) হত্যার অভিযোগ রয়েছে। গত ৬ জুন চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার ডায়মন্ড হোটেলে শ্বাসরোধ করে সুমনকে হত্যা করা হয়। শাহেনশাহ ও সুমনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর শাহেনশাহ পালিয়ে যান। ছোট বোনকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে শাহেনশাহ ভাগনেকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, শাহেনশাহ মানসিক ভারসাম্যহীন ভাগনেকে হত্যার উদ্দেশে চট্টগ্রাম নিয়ে আসেন গত ৪ জুন। ভাগনেকে নিয়ে ডায়মন্ড হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। ৬ জুন সেখানে তাঁকে হত্যা করে শাহেনশাহ পালিয়ে যান। পরে একটি মুঠোফোন নম্বরের সূত্র ধরে তাঁকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শাহেনশাহ থানায় সাংবাদিকদের বলেন, সুমন জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন। সে বাসায় চিৎকার-চেঁচামেচি করত। তাঁর মাকে মারধর করত।