চট্টগ্রামে তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা

কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে চট্টগ্রাম নগরে পবিত্র আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা। গত বুধবার বিকেলে নগরের ঝাউতলা ও ওয়্যারলেস এলাকা থেকে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি নগরের লালদিঘি এলাকায় গিয়ে শেষ হয়। শিশু থেকে সব বয়সের লোক মিছিলে অংশ নেয়।
মিছিলে ধ্বনিত হয় ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’। মিছিল ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার আগেই তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও লাঠি বহন নিষিদ্ধ করে চট্টগ্রাম মহানগর পুলিশ।
হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। কারবালার বিয়োগান্ত সেই ঘটনাকে স্মরণ করে শোক ও ত্যাগের প্রতীক হিসেবে এই দিনে চট্টগ্রামে তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরআনখানি, দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়।