চট্টগ্রামে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি শুরুর ঘোষণা
চট্টগ্রামে তারবিহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলালায়নের চেয়ারম্যান আবদুল মান্নান চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।আবদুল মান্নান বলেন, আগামী জুনের মধ্যে চট্টগ্রাম ও ঢাকার শহর এলাকা বাংলালায়নের ওয়াইম্যাক্স ইন্টারনেটের আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও উপজেলায় বাংলালায়নের সেবা পৌঁছে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ শাম্স এবং প্রধান ব্র্যান্ড কর্মকর্তা আফতাব মাহমুদ খুরশীদ বক্তব্য দেন।আবদুল মান্নান বলেন, দেশে এখন শতকরা চারজন লোক ইন্টারনেট ব্যবহার করে। আগামী ২০২০ সালে শতকরা ৪০ জন লোক ইন্টারনেট ব্যবহার করবে। এ প্রযুক্তি ছাড়া অন্য কোনো প্রযুক্তি দিয়ে এ সেবা দেওয়া সম্ভব নয়। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উত্পাদনমুখী শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবাসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ আরও গতিশীল হবে।অনুষ্ঠানে জানানো হয়, বাংলালায়নের মডেমের দাম ধরা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। এতে রয়েছে ১২৮, ২৫৬ ও ৫১২ কেবিপিএস এবং এক এমবিপিএস থেকে পাঁচ এমবিপিএস ইন্টারনেট সেবা। সর্বনিম্ন মাসিক ৬০০ টাকায় এ প্রযুক্তি ব্যবহার করা যাবে। ছাত্রছাত্রীদের জন্য ৮০০ টাকায় ২৫৬ কেবিপিএস প্যাকেজ ঘোষণা করা হয়েছে।