চট্টগ্রামে তারেক রহমানের জন্মদিন পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে গতকাল রোববার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সময় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নাসিমন ভবন চত্বরের সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ ও জাতি অধীর আগ্রহে তারেক রহমানের আগমনের অপেক্ষায় আছে। সব ষড়যন্ত্র ও মামলা-মোকদ্দমা মোকাবিলা করেই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। নগর বিএনপির সহসভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। এতে অন্যান্যের মধ্যে আবু সুফিয়ান, মো. মিয়া ভোলা, এম এ আজিজ, কাজী বেলাল প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশের পর একটি বর্ণাঢ্য মিছিল নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।