চট্টগ্রামে তারেক রহমানের ৫০তম জন্মদিন উদযাপন
আনন্দঘন পরিবেশে চট্টগ্রামে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেন নেতা-কর্মীরা।
গতকাল কেক কাটার আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
আনন্দ অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, তেমনি তারেক রহমানও লন্ডনে বসে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীরা তারেক রহমানের অভাব অনুভব করছেন। দেশে না থাকলেও দলের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন তারেক রহমান।’
দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকের ঋণখেলাপিদের মতো আওয়ামী লীগের অবস্থা। দেশের মানুষ তাঁদের হাত থেকে মুক্তি চায়। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।
সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘তারেক রহমান দেশের সঠিক ইতিহাস তুলে ধরছেন। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাত্রদাহ হচ্ছে। তাঁরা তারেক রহমানের সম্পর্কে আবোলতাবোল প্রলাপ বকছেন আর একের পর এক মিথ্যা মামলায় আটকানোর চেষ্টা করছেন।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান দেশের আগামী দিনের কান্ডারি। তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।