চট্টগ্রামে তালা ভেঙে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনের দুটি বাসার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। বাড়ির মালিক আবদুল মোনাফ বলেন, তিনি থাকেন দ্বিতীয় তলায়। ঈদ উপলক্ষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাতকানিয়ায় গ্রামের বাড়িতে যান। একই ভবনের চারতলার একজন ভাড়াটেও গ্রামের বাড়িতে যান। তিনি বলেন, চোরেরা দ্বিতীয় ও চতুর্থ তলার বাসার তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর আলমারির তালা ভেঙে নগদ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তবে চোরেরা মুঠোফোন চুরি করেনি।আবদুল মোনাফ বলেন, চুরির সময় নিচ ও তৃতীয় তলায় লোকজন ছিল। তাদের বাসার বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। সূত্র জানায়, ঈদের পরদিন তৃতীয় ও নিচতলার লোকজন বাইরে থেকে দরজা আটকানো দেখে আবদুল মোনাফকে খবর দেন। পরে তিনি এসে ঘটনা জানতে পারেন।আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে জানান, এ ব্যাপারে পাঁচলাইশ থানায় এজাহার দেওয়া হয়েছে।