চট্টগ্রামে তালিকাভুক্ত তিন সন্ত্রাসীর ২১ বছর করে কারাদণ্ড
একে-৪৭ রাইফেলসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ তিন সন্ত্রাসীকে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন মো. সরওয়ার ওরফে বাবলা, নুর নবী ওরফে ম্যাক্সন ও গিট্টু মানিক। গতকাল বুধবার বিকেলে তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এ রায় দেন।
১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে জামিনে গিয়ে পলাতক রয়েছেন গিট্টু মানিক। তিন আসামি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। তাঁদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা হয়েছে।
২০১১ সালের ৬ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, ২৭টি গুলিসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি এ কে এম মহিউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১২ সালের ২৬ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তিন আসামির প্রত্যেককে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৪ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। তিনি জানান, এর আগে গত ১৮ ও ২২ জুন এবং ১৯ ও ২৭ জুলাই এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে দুই আসামি প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ম্যাক্সনের বিরুদ্ধে ১১টি ও সরওয়ারের বিরুদ্ধে ৮টি এবং গিট্টু মানিকের ৬টি মামলা ছিল। এর মধ্যে বায়েজিদ বোস্তামী থানার একটি অস্ত্র মামলায় ২০১৩ সালের ১৬ জুন সরোয়ার, ম্যাক্সন, সাজ্জাদ খানসহ ছয় আসামি বেকসুর খালাস পান। সর্বশেষ গত ১৯ মে বায়েজিদ বোস্তামী থানার একটি চাঁদাবাজির মামলায় বেকসুর খালাস পান সরওয়ার ও গিট্টু মানিক।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামের বহুল আলোচিত এইট মার্ডার (ছাত্রলীগের আট নেতাকে গুলি করে হত্যা) মামলার প্রধান আসামি সাজ্জাদ খানের ঘনিষ্ঠ সহযোগী। সাজ্জাদ দেশ ছেড়ে পালিয়ে এখন ভারতে অবস্থান করছেন বলে জানায় পুলিশ।