চট্টগ্রামে তাহরীরের কর্মী নাজমুল হুদার রিমান্ড আবেদন নাকচ
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য নাজমুল হুদার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক। গতকাল মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে শুনানির পর হাকিম তা নামঞ্জুর করেন।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, নাজমুল হুদা উসকানিমূলক বক্তব্যসংবলিত পোস্টার লাগিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কাজে তাঁর সহযোগী এবং এর পেছনে শক্তিশালী নেটওয়ার্কের নাম জানার দরকার আছে। এ কারণে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছিল।রিমান্ড মঞ্জুর না করার কারণ ‘বোধগম্য নয়’ বলে মন্তব্য করেন পিপি কামালউদ্দিন। পিপি জানান, বিচারক আদেশে উল্লেখ করেন, রিমান্ড মঞ্জুরের কোনো হেতু নেই। শুধু কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তাঁর প্রশ্ন, যদি হেতু না থাকে তাহলে কারাফটকে জিজ্ঞাসাবাদের কী দরকার?গত সোমবার রাতে নগরের জিইসি মোড়ে উসকানিমূলক পোস্টার লাগানোর সময় পুলিশ হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। পোস্টারে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ ও ‘প্রতিশোধস্পৃহায়’ জাগ্রত হওয়ার আহ্বানসংবলিত বক্তব্য ছিল।গ্রেপ্তার হওয়ার পর নাজমুল হুদা হিযবুত তাহরীরের কয়েকজন নেতা-কর্মীর নাম পুলিশকে বলেছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাধিক ছাত্র আছেন। পুলিশ ওই ছাত্রদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে বলে জানা গেছে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নাজমুল হুদার দেওয়া তথ্য অনুযায়ী আমরা হিযবুত তাহরীরের সক্রিয় নেতা-কর্মীদের নামঠিকানা সংগ্রহ করছি। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।’