চট্টগ্রামে তিন ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামের চাক্তাইয়ের চামড়ার গুদাম এলাকা থেকে ইয়াবা বহনের দায়ে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারা হওয়া ব্যক্তিরা হলেন দিলারা বেগম (৩০), লায়লা বেগম (৩৪) ও মোহাম্মদ ইসমাইল (২৫)। তাঁরা তিনজনই কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকতেন। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশায় করে চট্টগ্রাম নগরের তৃতীয় কর্ণফুলী সেতু থেকে কর্ণেলহাটে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা পিঠা ও আচারের থলি থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই গাড়িতে ছিল দিলারা বেগমের ছেলে মাহমুদুর রহমান (৮) ও লায়লা বেগমের মেয়ে শারমিনা আক্তার (৯)। তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক শেবু বড়ুয়া জানান, নগরের কর্ণেলহাট এলাকায় ইয়াবা বিক্রি করার জন্য কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসেছিলেন তাঁরা। দুই শিশুর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শিশু দুটিকে তাদের আত্মীয়স্বজনের হেফাজতে দিতে চেয়েছিলাম। কিন্তু আটক হওয়া মায়েরা সন্তানদের তাঁদের কাছে রাখতে চেয়েছেন। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।’