চট্টগ্রামে তিন কোটি টাকার সোনা উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে আজ মঙ্গলবার ৬০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। এসব সোনার ওজন প্রায় সাত কেজি, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
দুপুর ১২টার দিকে দোহা-দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলো ডটকমকে বলেন, দোহা-দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজের যাত্রীদের হাতব্যাগ রাখার স্থানে তল্লাশি চালিয়ে ৬০টি সোনার বার পাওয়া যায়। তবে কে বা কারা এসব স্বর্ণবার এনেছে, তা শনাক্ত করা যায়নি।
কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, এ নিয়ে এই মাসে ছয়টি চালানে প্রায় ৪০ কেজি সোনা জব্দ করা হয়েছে।