চট্টগ্রামে তিন কোটি টাকার সোনার বার উদ্ধার
এক দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনার চালান আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ছয় কেজি ২৯৮ গ্রাম ওজনের ৫৪টি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক বিভাগ জানায়, আজ সকাল ১০টা ৪০ মিনিটে দোহা-দুবাই হয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ০৪৮) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটির ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুল্ক কর্মকর্তারা তিনজন যাত্রীর জুতার ভেতর থেকে ৫৪টি সোনার বার উদ্ধার করেন। এই তিনজন হলেন রিয়াজউদ্দিন, মো. আইয়ুব ও ওসমান গণি। তিনজনেরই ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।
বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার একই বিমানবন্দর থেকে ৪৬ কোটি টাকা মূল্যের ১০৭ কেজি সোনার বার উদ্ধার করা হয়।