চট্টগ্রামে তিন খাবারের দোকানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, পোড়া তেল ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরের তিনটি খাবারের দোকানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার চকবাজার এলাকার সাদিয়াস কিচেন, হোটেল চক মালঞ্চ ও শাহ তৈয়বিয়া হোটেলকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন। তিনি জানান, সাদিয়াস কিচেন ও হোটেল চক মালঞ্চের ফ্রিজে একই সঙ্গে কাঁচা ও রান্না করা মাংস এবং মসলা রাখা ছিল। এটি স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। সাদিয়াস কিচেনে একটি ড্রামে মজুত করা পোড়া তেল পাওয়া গেছে। রেস্তোরাঁটির ব্যবস্থাপক স্বীকার করেছেন, এই তেল তাঁরা বাইরে বিক্রি করে দেন । এ ছাড়া রেস্তোরাঁটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রি করছিল। এসব অনিয়মের কারণে সাদিয়াস কিচেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেল চক মালঞ্চকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। আর নোংরা পরিবেশ ও পোড়া তেলে সিঙ্গারা, সমুচা, ডালপুরি ভাজার কারণে শাহ তৈয়বিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।