চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে পৃথক দুই মামলা
তিন চিকিৎসকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলা হয়েছে। অবহেলায় রোগীর মৃত্যু ও অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অবহেলায় মেহেরুন নিসা নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহাবুবুল আলম ও শামীমা রোজির বিরুদ্ধে মামলা করেন ওই প্রসূতির বাবা খায়রুল বাশার। বাদী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছোট ভাই। মামলার আরজিতে বলা হয়, মাহাবুবুল আলম ও তাঁর স্ত্রী শামীমা রোজির তত্ত্বাবধানে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে ৯ জানুয়ারি বিকেলে ভর্তি হন খায়রুল বাশারের মেয়ে মেহেরুন নিসা। পরদিন ভোর ছয়টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মেয়ে একটি কন্যাসন্তান জন্ম দেন। অস্ত্রোপচারের পর তাঁর মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ওই সময় চিকিৎসক দম্পতি বলেন, রোগীকে আবার অস্ত্রোপচার করতে হবে। ওই দিন বিকেল পাঁচটায় হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। দুই চিকিৎসকের অবহেলায় তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।
চিকিৎসক শামীমা রোজি বলেন, ‘চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।’
এদিকে অস্ত্রোপচারের সময় আনোয়ারা উপজেলার নুরু আবছার (১৭) নামের এক কিশোরের পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে গতকাল একই আদালতে আরেকটি মামলা হয়েছে। নুরু আবছারের বাবা গাড়িচালক জেবল হোসেনের করা মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রানা চৌধুরীকে আসামি করা হয়। মামলার আরজিতে বলা হয়, গত বছরের ৬ নভেম্বর তাঁর ছেলেকে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচার করা হলেও পেটে ব্যথা লাগে। ওই চিকিৎসকের পরামর্শে আবারও অস্ত্রোপচার করা হয়। তারপরও পেটে ব্যথা থাকে। পরে বেসরকারি কয়েকটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হলে জানানো হয়, তাঁর ছেলের পেটের ভেতর ব্যান্ডেজ রয়ে গেছে। অস্ত্রোপচারের সময় তা পেট থেকে বের করা হয়নি।
অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক রানা চৌধুরী বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি সংশ্লিষ্ট নই। আমাদের ওয়ার্ডের জ্যেষ্ঠ চিকিৎসকেরা এই অস্ত্রোপচার করেন।’ তিনি বলেন, ‘হার্নিয়া অস্ত্রোপচারের সময় ভেতরে একটি সুরক্ষিত জাল দেওয়া হয়, যাতে একই ধরনের সমস্যা আর না হয়। ইনফেকশন হওয়ায় ওই জালটি বের হয়ে আসে। ওটা ব্যান্ডেজ নয়। ওই রোগী আমাদের কাছে আসার পর আমরা আবার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলাম।’