চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা
অবহেলায় রোগীর মৃত্যু ও অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার পৃথক অভিযোগে চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে আজ মঙ্গলবার আদালতে দুটি মামলা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম অভিযোগ দুটিকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন পাঁচলাইশ থানা-পুলিশকে।
আদালত সূত্র জানায়, চিকিৎসকের অবহেলায় মেহেরুন নিসা নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহাবুবুল আলম ও শামীমা রোজীর বিরুদ্ধে মামলাটি করেন নিহতের বাবা খায়রুল বাশার। বাদী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছোট ভাই।
অভিযোগে বলা হয়, তাঁর মেয়ে চিকিৎসক দম্পতি মেহেরুন নিসা মাহাবুবুল আলম ও শামীমা রোজীর তত্ত্বাবধানে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হন ৯ জানুয়ারি বিকেলে। পরদিন ভোর ৬টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মেয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। অস্ত্রোপচারের পর তাঁর মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ওই সময় চিকিৎসক দম্পতি বলেন, রোগীকে আবার অস্ত্রোপচার করতে হবে। ১২ ব্যাগ রক্ত লাগবে। অস্ত্রোপচারের সময় ১৪ ব্যাগ রক্তও দেওয়া হয়। ওই দিন বিকেল ৫টার সময় হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। ওই দুই চিকিৎসকের অবহেলার কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।
এদিকে মেহেরুন নিসার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার স্বজনেরা ওই দিন সার্জিস্কোপ হাসপাতাল ভাঙচুর করেন। দুদিন পর ওই মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের শাস্তি দাবি করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চিকিৎসক শামীমা রোজী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যা বলার তদন্তে বলবো। চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।’
এদিকে, অস্ত্রোপচারের সময় নুরু আবছার (১৭) নামে এক কিশোরের পেটে ব্যান্ডেজ রাখার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে গতকাল একই আদালতে মামলা করেন ভুক্তভোগী কিশোরের বাবা গাড়ি চালক জেবল হোসেন।
অভিযোগে আনোয়ারা উপজেলার জেবল হোসেনের ভাষ্য, ওই চিকিৎসকের তত্ত্বাবধানে গত বছরের ৬ নভেম্বর তাঁর ছেলেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পরও পেটে ব্যথা লাগে বলায় ওই চিকিৎসকের পরামর্শে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। তারপরও পেটে ব্যথা থাকে। পরে বেসরকারি কয়েকটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হলে তাঁকে জানান হয়, তাঁর ছেলের পেটের ভেতরে ব্যান্ডেজ রয়েছে। অস্ত্রোপচারের সময় তা পেট থেকে বের করা হয়নি।
এ অভিযোগ প্রসঙ্গে জানতে আজ সন্ধ্যায় মুঠোফোনে কয়েকবার চেষ্টা করার পরও চিকিৎসক রানা চৌধুরী ফোনটি ধরেননি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসক এবং অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রাখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে আদালতে। আদালত পাঁচলাইশ থানা-পুলিশকে অভিযোগ দুটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।