চট্টগ্রামে তিন চিকিৎসকের হঠাৎ বদলি নিয়ে ক্ষোভ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তিন চিকিৎসককে হঠাৎ সিলেট ও দিনাজপুরে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে বদলি করা হয়েছে এক থেকে তিন মাসের মাথায়।বিএমএ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য এসব চিকিৎসকের আকস্মিক বদলির ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁদের বদলির আদেশ দেওয়া হয় বলে জানা গেছে। বদলির আদেশ পাওয়া চিকিৎসকেরা হলেন, চমেক হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ধীমান বড়ুয়া, অর্থোপেডিক সার্জারির রেজিস্ট্রার অজয় দাশ ও সার্জারি ওয়ার্ডের আইএমও সুরজিত ঘোষ। অজয় দাশকে দিনাজপুরে এবং অপর দুজনকে সিলেট বিভাগে বদলি করা হয়।এর মধ্যে ধীমান মাত্র এক মাস আগে এবং অজয় তিন মাস আগে চমেক হাসপাতালে যোগদান করেছেন। প্রশিক্ষণ পদে থাকা অবস্থায় বদলির আদেশ পান সুরজিত। আকস্মিক এই বদলিতে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে স্বাচিপের একটি পক্ষ। তারা এটাকে বিএমএ নির্বাচনে স্বাচিপের মাহমুদ হাসান-ইকবাল আর্সলান পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছে।এ বিষয়ে বিএমএর বর্তমান কেন্দ্রীয় মহাসচিব শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সে যে দলেরই হোক, বিএমএ নির্বাচনের আগে কোনো চিকিৎসক বদলি করা হোক আমরা চাইনি। যাঁরা যে উদ্দেশ্যেই এই বদলি করুক না কেন, তিনি মন্ত্রী হোন কিংবা সচিব হোন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই বদলির আদেশ বাতিল করা উচিত।’