চট্টগ্রামে তিন জায়গা থেকে তিন ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিন এলাকা থেকে গতকাল বুধবার তিনজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন নারীও আছেন। দুটি লাশ নগর পুলিশ এবং অপরটি বোয়ালখালী থানা পুলিশ উদ্ধার করে। শ্বাসরোধ ও আঘাতজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নিহত ব্যক্তিরা হলেন মাসুদা মবিন (৫৬), মুজিবুল হক (৫৫) ও মোহাম্মদ ইউসুফ (২৮)। মাসুদা মবিনের লাশ নগরের খুলশীতে তাঁর বাসা এবং মুজিবুল হকের লাশ নগরের কোতোয়ালি থানার সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। ইউসুফের লাশ পাওয়া গেছে বোয়ালখালী থানার কালুরঘাট-আমতল এলাকায়।মুজিবুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোটেল কর্মচারী জাহাঙ্গীর (২০) ও তাঁর চাচাতো ভাই মাহবুবকে (২৪) গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, একটি বেসরকারি ব্যাংকের পরিচালক মাসুদা মবিন একটি বিউটি পারলার পরিচালনা করতেন। তাঁর স্বামী মিন্টু চৌধুরী একটি পোশাকশিল্প কারখানার মালিক। মিন্টু বেশ কিছুদিন ধরে দেশের বাইরে রয়েছেন।জানা গেছে, খুলশীর নিজ বাড়ির দোতলায় থাকতেন মাসুদা। নিচতলায় থাকতেন তাঁর তিনজন গৃহকর্মী। সচরাচর ওপর থেকে কলবেল না বাজালে কোনো গৃহপরিচারিকা মাসুদার ঘরে যান না। গতকাল দুপুর পর্যন্ত ওপর থেকে কোনো শব্দ শুনতে না পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হন। পরে দোতলার ঘরে গিয়ে তাঁরা মাসুদার লাশ পান।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘মাসুদার শরীরে আমরা আঘাতের কোনো চিহ্ন পাইনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে থানায় খবর দিলে হোটেল কক্ষের খাটের ওপর থেকে মুজিবুল হকের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় মাহবুব ও জাহাঙ্গীর নামের যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা মুজিবুলের সঙ্গে থাকা টাকা নেওয়ার জন্য তাঁকে হত্যা করার কথা স্বীকার করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুল হক ফেনী জেলার দাগনভূঞা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পরীর পাহাড় এলাকায় চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে পুরাতন ও নতুন টাকা কেনাবেচার ব্যবসা করতেন। তিন-চার মাস ধরে পুরাতন গির্জা এলাকায় হোটেল সম্রাটের দ্বিতীয় তলায় ৭ নম্বর কক্ষটিতে তিনি ভাড়া থাকতেন।এ ব্যাপারে মুজিবুলের ছেলে মো. শাহীন হত্যা মামলা করেছেন।এদিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালী উপজেলার কালুরঘাট-আমতল নামক স্থান থেকে গতকাল ভোরে মোহাম্মদ ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে রাস্তার ধারে ফেলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে।নিহত ইউসুফ পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মো. শফির ছেলে। রাঙামাটি রিজার্ভ বাজারে তাঁর একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক বলেন, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তাঁর মুখমণ্ডল একটি শার্ট দিয়ে মোড়ানো ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।