চট্টগ্রামে তিন দোকানকে জরিমানা
পুরোনো রস ব্যবহার করে মিষ্টি এবং পাম তেল দিয়ে খাদ্যসামগ্রী তৈরির দায়ে মিষ্টি ও বিস্কুট বিপণন প্রতিষ্ঠান ‘মিঠাই’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়।
একই আদালত ওয়ারলেস গেট এলাকার ভাই ভাই হোটেলকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
রুহুল আমিন বলেন, মিঠাইয়ের কারখানা থেকে ২৫ লিটার পুরোনো মিষ্টির রস জব্দ করা হয়েছে। সেখানে পাম তেলে খাবার তৈরি হচ্ছিল।
নগরের ওয়াসা এলাকার তাওয়াক্কুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন। নোংরা পরিবেশ ও বাসি খাবার বিক্রির জন্য এই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন বলেন, দোকানটির পরিবেশ অত্যন্ত নোংরা। ফ্রিজে তিন দিন আগের রান্না করা সবজি পাওয়া গেছে।