চট্টগ্রামে তিন পুলিশ আহত গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে পুলিশ ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নানসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়িসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন জামায়াতের কর্মীরা। এ ঘটনায় রাত আটটা পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা চারটা থেকে জামায়াত-শিবিরকর্মীরা মুরাদপুর মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান সেখানে গিয়ে নেতা-কর্মীদের মিছিল না করার অনুরোধ জানালে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁর দেহরক্ষী রেদোয়ান আহম্মদ ও গাড়িচালক আশরাফ এগিয়ে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।পরে মুরাদপুর থেকে ২ নম্বর গেটের দিকে আসা একটি মিছিল থেকে কর্মীরা পথে পথে যানবাহন ভাঙচুর করেন। মিছিলটি ২ নম্বর গেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের কারণে মুরাদপুর ও বহদ্দারহাট মোড়, বিমানবন্দর সড়ক, চট্টগ্রাম-হাটহাজারী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওইসব সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, নেতা-কর্মীরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এ ঘটনার পর আন্দরকিল্লা, ২ নম্বর গেট ও মুরাদপুর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। জামায়াত মিছিল করতে পারে—এই আশঙ্কায় আন্দরকিল্লা মোড়ে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু জামায়াত কৌশল বদলে মুরাদপুর এলাকায় গিয়ে ওই মিছিল করে।