চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ের অ্যাপোলো শপিং সেন্টারের ব্যবসায়ীরা গতকাল শুক্রবার বিকেলে পুলিশের তিন সদস্যকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে এক দোকানের কর্মচারীকে মারধর করার প্রতিবাদে ব্যবসায়ীরা তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ কর্মকর্তারা তাঁদের উদ্ধার করেন।এদিকে সন্ধ্যায় ষোলশহরে এক ব্যবসায়ীর কাঁটা চামচের আঘাতে আহত হন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে অ্যাপোলো শপিং সেন্টারের একটি ফুলের দোকানি পাওনা টাকা নিয়ে অন্য এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। এ সময় ওই ব্যবসায়ীর সঙ্গী এক যুবককে মারধর করেন ফুলের দোকানের এক কর্মচারী। পরে সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিমের নেতৃত্বে তিনজন পুলিশ ঘটনাস্থলে এসে ফুলের দোকানের কর্মচারীকে চড়-থাপড় মারেন ও তাঁকে আটকের চেষ্টা করেন। এতে অ্যাপোলো শপিং সেন্টারের ব্যবসায়ীরা একত্র হয়ে পুলিশের ওই তিন সদস্যকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ কর্মকর্তারা এসে বিষয়টির নিষ্পত্তি করেন।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সমাঝোতা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। কেউ আইন হাতে তুলে নেবেন না বলেও প্রতিশ্রুতি দেন।ট্রাফিক পুলিশ আহত: সূত্র জানায়, ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ইফতারের আগ মুহূর্তে কথা-কাটাকাটির জের ধরে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলামকে কাঁটা চামচের আঘাতে আহত করেন ব্যবসায়ী মশিউর রহমান। নজরুলের বুক ও ঊরুতে কাঁটা চামচের খোঁচা লেগেছে। তাঁকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মশিউরকে পুলিশ আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপজ্জনক অবস্থায় গাড়ি চালানো নিয়ে নজরুলের সঙ্গে এক কাভার্ডভ্যানের চালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল কাভার্ডভ্যানের চালককে গালাগাল করেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির আরোহী মশিউর রহমান মনে করেন, নজরুল তাঁকে গালাগাল করেছেন। এতে মশিউর ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে মুঠোফোনের ক্যামেরায় নজরুলের ছবি ধারণের চেষ্টা করেন। নজরুল বাধা দিলে মশিউর গাড়ি থেকে কাঁটা চামচ নিয়ে তাঁকে আঘাত করেন।ঘটনাটি নিশ্চিত করে উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘এ ঘটনায় আমরা ওই ব্যবসায়ীকে আটক করে পাঁচলাইশ থানাহাজতে রেখেছি। ট্রাফিক বিভাগ থেকে মামলা হলে ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখানো হবে।’