চট্টগ্রামে তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ক্ষমতার অপব্যবহার করে এক লাখ টাকা চাঁদা দাবি ও গুলি করে হত্যার হুমকির অভিযোগে তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন: নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগম, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খালেদ উদ্দিন ও হাফিজুল ইসলাম, তাঁদের সহযোগী জালাল উদ্দিন সাগর ও ইব্রাহিম মাসুদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মাহবুব মোর্শেদ। পরে আদালত তদন্তের নির্দেশ দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ীর মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদী অভিযোগে উল্লেখ করেন, গত ৩ আগস্ট বিকেলে চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন ও হাফিজুল ইসলাম ফোর্স নিয়ে তাঁর নগরের নাসিরাবাদের পৈতৃক বাড়িতে গিয়ে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। তল্লাশি পরোয়ানা আছে বলে বাসায় ঢুকতে চান। বাদী দরজার সামনে এলে মাথায় পিস্তল তাক করে ধরেন। এ সময় বাদীর সন্তানেরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে খালেদ উদ্দিনকে বাসার এক পাশে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেবে বলে জানান। পরে বলেন, এক লাখ টাকা দিলে তাঁর সন্তানদের ছেড়ে দেবেন। বাদী তখন ওসির সঙ্গে কথা বললে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে লাশ ফেলে দেওয়ার হুমকি দেন এসআই হাফিজুল ইসলাম।
পরে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে আসামিরা বলেন, পাহাড়তলী থানায় নিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গাড়িতে তুলে চান্দগাঁও থানায় নিয়ে আসা হয়। থানায় এসআই খালেদ উদ্দিন বলেন, দাবিমতো এক লাখ টাকা দেন। এসি মাহমুদা ম্যাডাম এবং ওনার স্বামীকে ম্যানেজ করেন। নইলে অস্ত্র, মাদক মামলা দিয়ে জড়িয়ে দেবেন। মামলায় সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘মাহবুব মোর্শেদ নামের কাউকে আমি চিনি না। আমার স্বামীও বাদীকে চেনেন না। আমার নাম দিয়ে কাউকে ঘায়েল করার প্রশ্নই ওঠে না।’
চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘তল্লাশি পরোয়ানামূলে মাহবুব মোর্শেদের সন্তানদের উদ্ধার করে থানায় নিয়ে যাই। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে সন্তানদের উদ্ধার করে পুলিশ। পরে সন্তানদের তাঁর স্ত্রীর জিম্মায় দেন আদালত। আমরা কোনো টাকা দাবি কিংবা তাঁকে ভয়ভীতি দেখাইনি।’