চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চউক) ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে তেল উৎপাদন করায় তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের অক্সিজেন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এস এস ফুডের মালিক শহীদুল ইসলাম, এস এম পাওয়ার ফুড প্রোডাক্টসের মালিক জাহাঙ্গীর এবং এস আমানতের মালিক মো. আজগর আলীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, এসব প্রতিষ্ঠান অবৈধভাবে বিএসটিআইয়ের চিহ্ন ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। অভিযানে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর সত্যতা পাওয়া যায়, সেসব প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত নগরের ডিটি সড়কের ঈদগাঁ থেকে দেওয়ান হাট পর্যন্ত এলাকায় অবৈধভাবে স্থাপিত ফার্নিচারের দোকান ও ট্রাকের গ্যারেজ উচ্ছেদ করেন।
অভিযানে নেতৃত্ব দেন চউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিন। তিনি প্রথম আলোকে জানান, অভিযানে ৪০টি ফার্নিচারের দোকান ও দুটি ট্রাকের গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে। এগুলোর কারণে সড়ক সম্প্রসারণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে ও সড়কে নিয়মিত যানজটের সৃষ্টি হয়।