চট্টগ্রামে তিন বিক্রেতাকে জরিমানা
প্রজনন মৌসুমে ইলিশ বিক্রি করার দায়ে তিন বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের রিয়াজউদ্দিন বাজার ও চকবাজারে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিনুর রহমান, মৎস্য কর্মকর্তা সুজিত চ্যাটার্জি ও কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। দণ্ডিত ইলিশ বিক্রেতারা হলেন ইদ্রিস আলী, আলী আকবর ও মো. আলী। তাঁদের কাছ থেকে ২০০ কেজি ইলিশ পাওয়া যায়। এ ছাড়া ফিসারিঘাট ও বহদ্দারহাট বাজারেও অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘২৫ অক্টোবর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এই কথাটি প্রতিটি বাজারে গিয়ে আগেই বলা হয়েছে। কিন্তু তার পরও তাঁরা ইলিশ বিক্রি করছিলেন। তাই জরিমানা করা হয়।’