চট্টগ্রামে তিন মিনিটের প্রতিবাদ কর্মসূচিতে গণজাগরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজাকারের বংশ নির্বংশ হোক’—অবন্তী নামে এক তরুণী বিশাল সাদা ক্যানভাসে (ব্যানার) যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে নিজের অভিব্যক্তিটি এভাবেই জানালেন। চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে গতকাল মঙ্গলবার এই সাদা ক্যাম্পাসটি নিয়ে এসেছেন চারুশিল্পীরা। কেউ বাক্যে কেউ বা ব্যঙ্গচিত্রে যুদ্ধাপরাধীদের প্রতি তাঁদের ঘৃণা প্রকাশ করেছেন। গতকাল বেলা তিনটার আগেই গণজাগরণ মঞ্চে গণমানুষের ভিড় জমতে থাকে। শুরু হয় গণসংগীত। চারটার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে গণজাগরণ মঞ্চ। ঠিক চারটায় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে স্তব্ধ হয়ে যায় গণজাগরণ মঞ্চ, একই সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। গণজাগরণ মঞ্চের ঢেউ যেন ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। নগরের নিউমার্কেট, সদরঘাট, চাক্তাই, খাতুনগঞ্জ, নন্দনকানন, এম এ আজিজ স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন স্থানে চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত মানুষ ফাঁসির দাবিতে ঠায় দাঁড়িয়ে ছিলেন। বাদ যায়নি বিভিন্ন কারখানা ও অফিস আদালতও।গণজাগরণ মঞ্চে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তিন মিনিটের জন্য দাঁড়িয়ে তাঁদের দাবি তুলে ধরেন। এই কাতারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংস্কৃতিকর্মী, রাজনীতিক, ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তিন মিনিটের এই প্রতিবাদ শেষে গণজাগরণ মঞ্চ চত্বর স্লোগানে স্লোগানে মুখরিত হয়। ‘জয় বাংলা; পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি নানা স্লোগান মনে করিয়ে দেয় একাত্তরের যুদ্ধদিনের স্মৃতিকে। গণজাগরণ মঞ্চে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। এ ছাড়া গণজাগরণ মঞ্চে আরও সংহতি জানান নারী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির।কক্সবাজার: বিকেল চারটায় কক্সবাজার শহর ও সমুদ্রসৈকতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দীর্ঘ মানবপ্রাচীর রচনা করেন। তা ছাড়া যে যেখানে ছিলেন, দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানান। ওই সময় শহরের যানবাহন চলেনি। দোকানপাটে বিক্রি বন্ধ ছিল। শেষে কাদের মোল্লার প্রতীকী ফাঁসি কার্যকর এবং কুশপুত্তলিকা দাহ করা হয়। খাগড়াছড়ি: বিকেল চারটায় খাগড়াছড়ি জেলা শহর তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। মাইকে যখন তিন, দুই, এক, শূন্য উচ্চারিত হয় তখনই যে যেখানে ছিলেন, সেখানে দাঁড়িয়ে ছিলেন। যানবাহনগুলো দাঁড়িয়ে যায়। এ সময় পুরো শাপলা চত্বরসহ বাজার এলাকা, আদালত সড়ক, কলেজ সড়ক স্তব্ধ হয়ে যায়। নোয়াখালী: বিকেল চারটা বাজার আগে বিশাল আকৃতির জাতীয় পতাকা নিয়ে নোয়াখালী শহরের প্রধান সড়কে অবস্থান নেন তরুণেরা। তিন মিনিট প্রধান সড়কে নীরব অবস্থানের সময় দুই পাশে বিভিন্ন যানবাহনও দাঁড়িয়ে যায়। একই সময়ে নোয়াখালী টাউন হল চত্বরে নোয়াখালী নাগরিক কমিটিও জেলা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে শাহবাগের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।লক্ষ্মীপুর: বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে তিন মিনিট নীরবতা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।