চট্টগ্রামে তিন যানের সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল রোববার তিনটি যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও নয়জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৫৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৬৮। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রাস্তার মাথায় গতকাল দুপুরে ঢাকাগামী দ্রুতগতির মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী হিউম্যান হলার ও ছোট একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও হিউম্যান হলারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর কাভার্ড ভ্যানটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। এ ঘটনায় নয়জন গুরুতর আহত হয়েছেন।

নিহত যাত্রীরা হলেন মলিনা দাশ (৪৫), সুমন (৩৫), মফিজুল ইসলাম (৬৫) ও প্রদীপ চন্দ্র নাথ (৪০)। তাঁদের মধ্যে কে কোন যানের যাত্রী অথবা চালক ছিলেন, উদ্ধার অভিযান পরিচালনাকারী ফায়ার সার্ভিস কর্মীরা তা জানাতে পারেননি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় গতকাল বিকেলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম নেছার মণ্ডল (৪৫)। বাড়ি জয়পুরহাট সদরে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। জেলার শাজাহানপুর উপজেলায় সকালে বাস ও পণ্যবাহী ট্রাকের আরেক সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মানিক মিয়া (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় গতকাল বিকেলে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। একই উপজেলার মানিকপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাহরিমুল ইসলাম নামের এক পাখি বিক্রেতা নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মানিক মিয়া নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মদনপুরÑভুলতা-জয়দেবপুর সড়কের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় যশোরের চৌগাছা উপজেলার বেলেমাঠ বটতলা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি শিশু নিহত হয়েছে। তার নাম আদ্রিত (৫)। এ সময় আহত হয়েছেন আদ্রিতের বাবা শওকত ওসমান (৪০) ও তার মা সাথী খাতুন (৩৫) এবং অপর মোটরসাইকেলের চালক রাসেদ।