চট্টগ্রামে তিন যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত মঙ্গলবার ও গতকাল বুধবার তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ও ইয়াছিন নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের গলাকাটা লাশ এবং গতকাল ডবলমুরিং এলাকা থেকে নূর হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, খুলশী থানার রেলওয়ে জাদুঘরের পাশের পাহাড় থেকে গলাকাটা এক যুবকের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। রাতে কেউ তাঁকে হত্যা করে লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরে হাসপাতালের মর্গে গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করে তাঁর পরিবার। নিহত ইয়াছিন অটোরিকশার চালক।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ইপিজেড থানার বিমানবন্দর সড়কের পাশের নর্দমা থেকে রক্তাক্ত একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। চোখে মরিচের গুঁড়া লাগানো ছিল। লুঙ্গি ও কালো জ্যাকেট পরা ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও হত্যা করে নিরিবিলি ওই জায়গায় লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) হাসান মোল্যা বলেন, নগরের ডবলমুরিং ভেলুয়ার দীঘিরপাড় এলাকা থেকে নূর হোসেন (২৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মা জাহানারা বেগম পুলিশকে জানিয়েছেন, গত দুই দিন ধরে নূর হোসেন নিখোঁজ ছিলেন। পুলিশ লাশটি উদ্ধারের পর তাঁরা পরিচয় শনাক্ত করেন।