চট্টগ্রামে তিন শ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ফিরোজ শাহ কলোনিতে অভিযান চালিয়ে প্রায় তিন শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী হাকিম নাজিয়া শিরিন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম, প্রকৌশল ও ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এই সময় নগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের নির্বাহী হাকিম নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সড়কের জায়গা দখল করে স্থাপনাগুলো গড়ে উঠেছে। এই কারণে সড়কের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। বারবার তাগাদা দেওয়ার পরও স্থাপনাগুলো সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। তাই অভিযান চালিয়ে প্রায় তিন শ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজকের অভিযানে ৫০ জনের মতো শ্রমিক অংশ নেন। এ ছাড়া স্থাপনাগুলো উচ্ছেদে একটি বুলডোজার ব্যবহার করা হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চা, মুদি, দরজি, ওষুধ,সবজির দোকান ও রিকশার গ্যারেজ।